আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, এদেশে আর কোনোদিন স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তাদের ক্ষমতায় আসতে দেওয়া মানে পাক-বাহিনীকে সাহায্য করা। তাই এ ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক উন্নয়নের তথ্যচিত্র সমৃদ্ধ বই প্রকাশ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় যেতে পারেনি। ৭৫-এর পর বিএনপি তাদের ক্ষমতায় বসিয়েছে, মদদ দিয়েছে। এমনকি এইচএম এরশাদও এই পাপ থেকে মুক্ত নন। জিয়া-এরশাদ-খালেদা জিয়ার আশ্রয়-প্রশ্রয় ও মদদ পেয়েছে স্বাধীনতাবিরোধীরা। বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, বার বার ইস্যু ধরেন, কোনো কাজ হয় না। কয়েক বছর ধরে শুধু ইস্যু ধরেন, একটা ইস্যু যায়, আরেকটা ধরেন। কিন্তু কোনো লাভ হচ্ছে না। আসলে জনগণের সাড়া না পেলে কোনো ইস্যু সফল হবে না। বিএনপি নেতাদের কণ্ঠ এখন টকশোতেই সীমাবদ্ধ হয়ে গেছে।
বইয়ের লেখক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ।
