কিউবার সর্বোচ্চ পদকে ভূষিত হলেন মাদুরো

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:০৮
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে কিউবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হাভানা সফরে যাওয়ার ঠিক দুইদিন আগে মাদুরোকে এই পদক দেয়া হলো।
 
‘দ্য অর্ডার অব হোসে মার্তি’ নামের এই পদকের মেডেল কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো মাদুরোকে পরিয়ে দেন। ১৯৯৯ সালে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ক্ষমতায় আসার পর সমাজতান্ত্রিক আদর্শের দেশ দুটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।
 
পারস্পরিক ঐক্যের নিদর্শন হিসাবে চ্যাভেজের উত্তরসূরি মাদুরোকে এই পদক দেয়া হলো। পদক পাওয়ার পর মাদুরো ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ও কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানান। তিনি দুই দেশের স্বাধীনতার কিংবদন্তীতুল্য বীর সিমন বলিভার এবং মার্তির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
 
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঝুঁকির মুখে থাকা কিউবাকে সহজ শর্তে তেল সরবরাহ করে ফিদেল কাস্ত্রোর সঙ্গে মিত্রতা গড়ে তোলেন চ্যাভেজ। ২০০৮ সালে ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর হাতে রাষ্ট্রক্ষমতা দিয়ে অবসর গ্রহণ করেন। ২০১৩ সালে চ্যাভেজের মৃত্যুর পরও মাদুরো কিউবার চিকিত্সক ও নার্সদের সেবা প্রকল্পের বিনিময়ে ভেনিজুয়েলার তেল সরবরাহ করে সহায়তা দিচ্ছেন।
 
রবিবার কিউবা সফরে যাবেন বারাক ওবামা। ৮৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কিউবা সফরে যাচ্ছেন। ওবামা মঙ্গলবার পর্যন্ত কিউবা অবস্থান করবেন। আপাত শত্রুতা থাকলেও ওবামা এবং রাউল ২০১৪ সালের ডিসেম্বরে অর্ধ শতাব্দী পর একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়ান। সূত্র: রয়টার্স