ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সেই আলোচিত ১৭ মাসের শিশু বিথীকে ছুরিকাঘাতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাদাত হোসেন সৌরভ (৩০) ও জহিরুল ইসলাম (২২)। শনিবার ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার শাহাপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সৌরভ এজাহারভুক্ত আসামি। আর জহিরুল অজ্ঞাত আসামি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৩ মার্চ সকালে নান্দাইল পৌর এলাকার চন্ডিপাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিথী নামের এক শিশুকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির পিতা দীন ইসলাম বাদী হয়ে ১১ জনের নামসহ ও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন।
