তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, মেধা ও মননে সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে টিকে থাকা এবং নিজের অবস্থান তৈরি করে নেওয়ার জন্য সুশিক্ষার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান আহরণ করতে হবে। শনিবার পলক জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পলক বলেন, শতবর্ষী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাদারবক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে স্মরণীয় হয়ে রয়েছেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের আরো অনেক গুণী ও কৃতি শিক্ষার্থীদের মত বর্তমান শিক্ষার্থীদেরও দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমান খান, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সিংড়া উপজেলার নিভৃত পল্লীতে ১৯১৩ সালে তৎকালীন রাজা রমনী কান্ত রায় বাহাদুর চৌগ্রাম বিদ্যালয়টি প্রতিষ্ঠ করেন। পরে ২০০৫ সালে বিদ্যালয়ের সাথে কলেজ সংযুক্ত হয়।
