স্টার্টআপ নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ইনোভেশন এক্সট্রিম ২০১৬’ অনুষ্ঠিত

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২০:৪২
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো স্টার্টআপদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ‘ইনোভেশন এক্সট্রিম’। স্টার্ট আপ, বিজনেস এবং ইনভেস্টরদের জন্য কন্টেন্ট প্লাটফর্ম এসডি এশিয়ার আয়োজনে শনিবার ঢাকার একটি হোটেলে দেশের ২৫টি স্টার্টআপ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজনটি সম্পন্ন হয়।
 
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলাদেশ: দ্য নেক্সট টেক ফ্রন্টিয়ার’। এ আয়োজনে ছিল মোট ১২টি সেশন যেখানে তথ্যপ্রযুক্তি খাতের ২৫ জন সফল ব্যক্তিত্ব অংশ নেন। এ ছাড়া অংশ নেয়া প্রত্যেকটি স্টার্টআপের জন্য ছিল ১০ হাজার মার্কিন ডলার সমমানের মাইক্রোসফট ইয়ুথ-পার্ক/বিজপার্ক প্যাকেজ। সেরা ছয়টি স্টার্টআপ (ট্রিপলি, লেটস টক, রেপ্টো, চলো, লাইট ক্যাসেল পার্টনার্স এবং সেবা) প্রত্যেকে জিতে নিয়েছে ৫০ হাজার মার্কিন ডলার সমমানের ফেসবুক প্যাকেজ।
 
ইনোভেশন এক্সট্রিম আয়োজনের ব্যাপারে আয়োজক প্রতিষ্ঠান এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোস্তাফিজুর রাহমান খান বলেন, ‘এ ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পেয়েছে। একই ছাদের নিচে ইন্টারনেট এবং প্রযুক্তি খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারীদের নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’
 
এসডি এশিয়ার সহপ্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, ‘এবার আমরা গতবারের চেয়েও বেশি বিনিয়োগকারীদের নিয়ে আসতে পেরেছি এবং সেরা স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেছে।’
 
এসডি এশিয়ার অপর সহপ্রতিষ্ঠাতা সামাদ মিরালি এই আয়োজন সম্পর্কে জানান, ছোট ছোট উদ্যোক্তারা এখান থেকে বড় বিনিয়োগকারীদের সাথে পরিচিত হতে পেরেছে।
 
বিনিয়োগকারীরা কিভাবে দেশী স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবে তার প্রতিচ্ছবি ছিল প্রতিটি সেশনেই। বক্তারা তাদের বক্তব্যতে কীভাবে অনেক প্রতিকূলতা পার হয়ে টেক স্টার্টআপকে সফল করতে হবে সেসব বিষয় তুলে ধরেছেন। ইনভেস্টর স্পিড ডেটিং সেশনে দেশী স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের সামনে নিজেদের স্টার্টআপকে তুলে ধরার সুযোগ পেয়েছেন।
 
এ আয়োজনের মূল পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন। গোল্ড পার্টনার ছিল মাইক্রোসফট, সিলভার স্পন্সর টপ অব মাইন্ড ও আইপিডিসি এবং ইভেন্ট পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, ফেসবুক ও টেক ইন এশিয়া।