পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে উদ্বিগ্ন ওবামা প্রশাসন

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২১:২৬
 
একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলনের আগে পাকিস্তানের পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওবামা প্রশাসন। ‘এটা তাদের পরমাণু কর্মসূচিকে অস্থিতিশীল করে’ বলেও যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
 
কংগ্রেসের একটি শুনানির সময় সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটিকে গত বৃহস্পতিবার অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাইস ই গোটেমোয়েলার বলেন, ‘পাকিস্তানের যুদ্ধক্ষেত্রের পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আছি’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বৈশিষ্ট্য অনুযায়ীই যুদ্ধক্ষেত্রের পরমাণু অস্ত্রগুলো নিরপত্তা হুমকি সৃষ্টি করে।
 
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে আগামী ৩১ মার্চ এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রে একটি নিরাপত্তা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা অংশ নিবেন। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওই সম্মেলনে অন্যান্য বিষয়ের পাশাপাশি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। -এনডিটিভি