পৃথিবীর কোন দেশের সৈন্যের স্বাস্থ্য কেমন

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:৫২

ইত্তেফাক ডেস্ক

মানুষের প্রচলিত ধারণা অনুযায়ী প্রশিক্ষণের কারণে সামরিক বাহিনীর সদস্যর সবাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। কিন্তু মানুষের এ ধারণার সাথে বাস্তবতার খুব একটা মিল নেই। মার্কিন সৈন্যদের ৬০ শতাংশেরই অতিরিক্ত মোটা হওয়ার প্রমাণ রয়েছে। চীন, ইরান, ব্রিটেন এবং ভারতের সৈন্যদের মধ্যেও রয়েছে স্থূলতার প্রবণতা। সৈন্যদের এ স্থূলতা নিয়ে র্যান্ড কর্পোরেশন নামে একটি আন্তর্জাতিক থিংক ট্যাংকের একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

একটা দেশের সেনাবাহিনীতে সৈন্যরা স্বাস্থ্য ও ওজনের দিক থেকে কেমন হবে— তা নির্ধারিত হয় একটা মাপকাঠি দিয়ে, যাকে বলে বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)। এ বিএমআই হিসাব করে বের করা হয় যে একজন সৈন্যের উচ্চতা এবং ওজনের অনুপাত আদর্শ এ স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা।

র্যান্ড কর্পোরেশন জানিয়েছে, আমেরিকান সৈন্যদের ৬০ শতাংশই নাকি ‘অতিরিক্ত মোটা’। এমন এক সময় এ তথ্য প্রকাশিত হয়েছে যখন দেখা যাচ্ছে অধিকাংশ মার্কিন তরুণই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয়। বলা হচ্ছে, ২০১৭ সালে ১৬ থেকে ২৪ বছরের আমেরিকানদের মধ্যে মাত্র ১১ শতাংশ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। আর যারা সেনাবাহিনীতে নিয়োগের জন্য পরীক্ষায় বাতিল হয় তাদের এক-তৃতীয়াংশই বাদ পড়ে অতিরিক্ত মোটা হওয়ার কারণে।

সম্প্রতি পৃথিবীর অনেক দেশের সৈন্যদের মধ্যে স্থূলতা বা অলস জীবন-যাপনজনিত সমস্যা তৈরি হয়েছে। গত বছর চীনা সেনাবাহিনীর পত্রিকা ‘পিপলস লিবারেশন আর্মি ডেইলি’র এক সম্পাদকীয়তে বলা হয়েছে, নিম্নমানের খাবার, দীর্ঘ সময় কম্পিউটারে গেম খেলা এবং শারীরিক পরিশ্রমের অভাবে তরুণ সৈন্যরা ফিটনেস টেস্টে আটকে যাচ্ছেন। নতুন প্রার্থীর ২০ শতাংশই ওজন পরীক্ষায় ফেল করছে। কিছু সৈন্য ৫ কিলোমিটারের দূরপাল্লার দৌড় শেষ করতে পারেনি।

গ্লোবাল ফায়ার পাওয়ার ডট অর্গ নামে একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ ওয়েবসাইট জানিয়েছে, ইরানের পাঁচ লাখ সক্রিয় সদস্যের ৪১ শতাংশ সেনার ওজন আদর্শ মাত্রার চেয়ে বেশি এবং ১৩ শতাংশ রীতিমত স্থূলকায়।

এক প্রতিবেদনে ১০ শতাংশ ব্রিটিশ সৈন্যই ডাক্তারি মাপকাঠিতে মোটা প্রমাণিত হওয়ার পর সম্প্রতি ব্রিটেনের সবচে বড় সেনাঘাঁটি ক্যাটারিকের সৈন্যদের গ্রেগস নামের একটি রুটির দোকান থেকে খাবার কেনা নিষিদ্ধ করা হয়। একজন বিশেষজ্ঞ সতর্ক করে জানিয়েছেন, সৈন্যরা যেভাবে মোটা হচ্ছে— তাতে হয়ত অচিরেই যুদ্ধবিমান এবং সাবমেরিনের চালকের আসন চওড়া করে বানাতে হবে।

ভারতে ২০১৬ সালের এক জরিপে বলা হয় এক-তৃতীয়াংশই সেনাই মোটা। এর পর গত বছর এপ্রিল থেকে সৈন্যদের খাদ্যের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়। মোটা সৈন্য ও অফিসারদের পদোন্নতি এবং বিদেশে পোস্টিং নিষিদ্ধ করা হয়। —বিবিসি