ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি মাথাবিহীন পার্টি। অর্থাত্ মাথা নেই, শুধু ধর আছে। বিএনপি নিশ্চল হওয়ার অপেক্ষায়। বিএনপির জন্ম মানুষ হত্যার মধ্য দিয়ে। এদের নেশা মানুষ খুন করা। এরা ধর্মের কথা বলে। কিন্তু মসজিদে গিয়ে মানুষ হত্যা করতে হাত কাঁপে না।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত ‘১৫ মার্চ কৃষক হত্যা দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, পাপ তার বাপকেও ছাড়ে না। ২১ আগস্ট এই বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে। তার বিচার চলছে। কিন্তু এর আগেই এতিমের টাকা মেরে খাওয়ার অপরাধে জেল খাটছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।
