প্রাইভেটকারকে বাস চাপা, একই পরিবারের নিহত ৩

আপডেট : ২০ মার্চ ২০১৬, ২১:০০
রাজধানীর খিলক্ষেত থানার ফুটওভারব্রিজের কাছে রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রাইভেটকার যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হয়েছে।
 
এই দুর্ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৬৪) এবং দুইজন নারী প্রাণ হারিয়েছে। অপর দুইজন দেলোয়ারের বোন ও ভাগ্নি। তাদের নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।
 
পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের ওপর পেছন দিক থেকে উঠে পড়ে। একই সঙ্গে ওইস্থানে দাঁড়িয়ে থাকা তেতুঁলিয়া পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দিলে বাসটি উল্টে পড়ে।
 
এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গাড়ির ভেতরে থাকা তিন যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত দেলোয়ারের এক স্বজন সাঈদ বলেন, নিহত তিনজনের মধ্যে তার বোন ও ভাগ্নি রয়েছে। তারা সবাই গাজীপুর থেকে একটি প্রাইভেটকার করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিল।