নিরাপত্তা নিয়ে অসন্তোষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:৫৫

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউজিল্যান্ড সফতররত বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা নিন্দনীয়। আমাদের ক্রিকেট দলকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা খতিয়ে দেখা হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বর্বরোচিত ঘটনা নিন্দানীয় এবং বিশ্ববাসী এই ঘটনা প্রত্যাশা করে না। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানান কথা বলেছিল। আমরা তাদের বলেছিলাম, তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভাবেই থাকবেন। আমরা সেটা করেছি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি? তা জানি না।

জঙ্গি মোকাবিলায় বাংলাদেশ সফল

অপর দিকে গতকাল বিকালে ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ যেখানে জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় হাবুডুবু খাচ্ছে, সেখানে বাংলাদেশ সফল হয়েছে। আমরা বিদেশি খেলোয়াড়দের অনেক বেশি নিরাপত্তা দিয়ে থাকি।