ময়মনসিংহের গৌরীপুরে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে শিক্ষার্থীরা ভোট প্রয়োগের মাধ্যমে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ জন প্রতিনিধি নির্বাচিত করে। পরবর্তীতে নির্বাচিত ৮ জন প্রতিনিধি একজনকে স্টুডেন্ট কেবিনেটের প্রধান হিসেবে নির্বাচিত করবে।
ভোট গ্রহণের দিন সরজমিনে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, অত্যন্ত সুন্দর পরিবেশে ৫টি ভোট কক্ষে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীরাই প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার এ উপজেলা ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মাদ্রাসায় স্টুডেন্ট কেবিন্টে নির্বাচন অুনিষ্ঠত হয়েছে। গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেলিম ফকির জানান, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের দিন সকাল থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এই নির্বাচনে তার স্কুলে ২৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গনতন্ত্রের চর্চার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটছে। যা বর্তমান সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ।
