রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে র্যাব ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মক্কা-মদিনা জেনারেল হাসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও বেবী কেয়ার হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া ইসলামিয়া মানসিক হাসপাতাল ও বেবি কেয়ার হাসপাতালের মালিকদের ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে।
সোমবার দুপুরে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সিরাজুল ইসলাম ও ডা. শাহানা আলম এবং ওষুধ প্রসাশনের তত্ত্বাবধায়ক ওজিউল্লাহ সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় মক্কা-মদিনা জেনারেল হাসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও বেবি কেয়ার হাসপাতাল এবং ইসলামিয়া মানসিক হাসপাতালে অভিযান চালান। লাইসেন্স ব্যতীত হাসপাতাল পরিচালনা করা, ড্রাগ ল্যাইসেন্স ব্যতিত ফামের্সি পরিচালনা করা, অনুনোমোদিত ওষুধ বিক্রয়ের জন্য মজুদ রাখা, অনুমোদন ছাড়া মানসিক হাসপাতালে ২৬ জন রোগী ভর্তি রাখা, আইসিইউতে কার্ডিওলজি, মেডিসিন বিশেষজ্ঞ না থাকা, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে কোন টেকনোলজিস্ট ও প্যাথলজিস্ট না থাকাসহ বেশ কিছু অব্যবস্থাপনা দেখতে পায় ভ্রাম্যমান আদালত। মক্কা-মদিনা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারকে ৪ লাখ, বেবি কেয়ার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা ও মালিক মোফাজ্জল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং ইসলামিয়া মানসিক হাসপাতালের মালিক মোজাম্মেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
