দুই রুশ সাংবাদিক হত্যায় ইউক্রেনের পাইলট অভিযুক্ত

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:১৬
 
দুই রুশ সাংবাদিককে হত্যার দায়ে ইউক্রেনীয় পাইলট নাদিয়া সেভচেনকোকে অভিযুক্ত করেছে রাশিয়ার আদালত। দোষী সাব্যস্ত করার পর আদালত জানায়, মঙ্গলবার তার শাস্তি জানানো হবে।
 
বাদী পক্ষের আইনজীবীরা তার ২৩ বছরের কারাদণ্ড দাবি করেছেন। আদালতে তারা বলেন, নাদিয়ার নির্দেশেই পূর্ব ইউক্রেনে মর্টার হামলায় দুই রুশ সাংবাদিক নিহত হন। তবে নাদিয়ার আইনজীবীরা বলেছেন, দুই সাংবাদিক নিহত হওয়ার আগেই তিনি রুশপন্থী বিদ্রোহীদের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে বিদ্রোহীরা তাকে রাশিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
 
রাশিয়ারও দাবি, নাদিয়ার নির্দেশেই মর্টার হামলায় দুই সাংবাদিক নিহত হন। তবে ইউক্রেন ও কয়েকটি পশ্চিমা দেশ এই বিচারকে প্রহসন বলে অভিহিত করে নাদিয়ার মুক্তি দাবি করেছে।
 
নাদিয়া সেভচেনকোর বিরুদ্ধে অভিযোগ তিনি রুশ টিভি সাংবাদিক ইগর করনেলিউক ও অ্যান্টন ভলোসিনের ওপর মর্টার হামলার নির্দেশ দিয়েছিলেন। ২০১৪ সালের জুন মাসে রুশপন্থী বিদ্রোহীদের সাথে ইউক্রেনের যুদ্ধ চলাকালে ঘটনাটি ঘটে।
 
৩৪ বছরের নাদিয়া জানান, ঘটনার অন্তত একঘণ্টা আগে রুশপন্থী বিদ্রোহীরা তাকে গ্রেফতার করে রাশিয়ার হাতে হস্তান্তর করে। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি অবিলম্বে নাদিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বিচারটিকে 'হাস্যকর' আখ্যা দিয়েছেন। সূত্র: বিবিসি