প্যারিস হামলার মুল সন্দেহভাজন সালেহ আব্দেসালাম গ্রেফতার হওয়ার পর নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
নৃশংস এই হামলার চার মাস পর গত শুক্রবার আব্দেসালামকে বেলজিয়ামে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। ওই হামলার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। হতাহতের পক্ষের সাপোর্ট গ্রুপ জানিয়েছে, তারা আশা করছেন, আব্দেসালামের গ্রেফতারের মধ্য দিয়ে প্রকৃত সত্য উদঘাটিত হবে।
যদিও এর আগে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করে। বেলজিয়ামের কর্মকর্তারা বলছেন, বেলজিয়ামে আরো হামলার পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
বেলজিয়ামের সন্ত্রাসবিরোধী পুলিশ রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে সালেহ আব্দেসালামকে গ্রেফতার করে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। গত নভেম্বরে প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন ছিলেন আব্দেসালাম। ওই হামলায় ১৩০জন নিহত ও বহুসংখ্যক লোক আহত হয়।
২৬ বছর বয়সী আব্দেসালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে তিনি বেলজিয়ামে বসবাস করছিলেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালান বলে পুলিশ জানিয়েছে। সূত্র: বিবিসি
