ইরাকে আরো মেরিন সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:৪৫
 
ইরাকে আরো কিছু মেরিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রকেট হামলায় এক মার্কিন মেরিন সেনা নিহত হওয়ার পর গত রবিবার এই ঘোষণা দেয় ওয়াশিংটন।
 
পেন্টাগন বলেছে, ইরাকে আইএসের বিরুদ্ধে  লড়াইরত মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য ২৬তম মেরিন এক্সপেডিসনারি ইউনিট থেকে আরো কিছু সেনা সেখানে পাঠানো হবে। তবে ঠিক কতজন মেরিন সেনা ইরাকে মোতায়েন করা হবে তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এসব সেনাদের উত্তরাঞ্চলীয় ইরাকের মাখমুর এলাকার কাছে কোয়ালিশন সেনাঘাঁটিতে মোতায়েন করার হবে বলে জানানো হয়েছে।
 
গত শনিবার আইএসের রকেট হামলায় এক মেরিন সেনা নিহত ও আরো বেশ কয়েকজন আহত হওয়ার পর নতুন করে সেনা মোতায়েনের এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ইরাকে আইএসবিরোধী লড়াইয়ে এটি দ্বিতীয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা। সূত্র: আল জাজিরা