যৌন হয়রানি নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার বিরুদ্ধে মানহানির মামলা করতে সম্মতি দিয়েছে দেশটির এক আপিল আদালত। প্রেসিডেন্ট হওয়ার আগে টেলিভিশনে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের একটি অনুষ্ঠানে সঞ্চালনা করতেন ট্রাম্প। সেই অনুষ্ঠানের প্রতিযোগী সামার জার্ভস ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে মানহানির মামলা করেছেন। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী সেটি খারিজের আবেদন জানিয়েছিলেন। ক্ষমতায় থাকাকালীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা করা যাবে না বলে দাবি করেছিলেন আইনজীবী মার্ক কাসোবিত্জ। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হলে মামলা করা যেতে পারে। তার আগে নয়। কিন্তু ২০১৮ সালের মার্চ মাসে তার নিম্ন আদালতে খারিজ হয়ে যায়। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আপিল আদালতেও তার যুক্তি খারিজ হয়ে যায়। বিচারপতি ডায়ান রেনউইক নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির মধ্যে তিনজনই ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ায় সায় দেন। তারা বলেন, প্রেসিডেন্ট হিসাবে অবশ্যই গুরুদায়িত্ব সামলাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু প্রেসিডেন্ট হলেও তিনি আর পাঁচজনের মতো একজন মানুষ। তাই তিনিও আইনের ঊর্ধ্বে নন।
