নির্বাচনী সহিংসতায় বগুড়ায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৪:৫১
 
বগুড়ার সারিয়াকান্দীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জবেদ আলী ভূঁইয়া (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং চর শংকরপুর গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তিনি মারা যান।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শেষে মঙ্গলবার বিকেলে উপজেলার বোহাইল ইউনিয়নের ৪নং শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে জবেদ আলী গুরুতর আহত হন। প্রথমে তাকে জামালপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, নির্বাচনের সময় সেখানে কোন গোলযোগ হয়নি। নির্বাচনের ফলাফল ঘোষনার পর প্রতিপক্ষের হামলায় জবেদ আলী আহত হন।