জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর বাংলা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী 'স্বাধীনতা বইমেলা' শুরু হয়েছে।
জাবি'র উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন। এই সময় উপাচার্য বলেন, 'চিন্তা, চেতনা ও ভাবনা লেখার মাধ্যমে প্রকাশ পায়। লেখা গ্রন্থাকারে প্রকাশ করলে পাঠকের সঙ্গে লেখকের চিন্তার যোগসূত্র ঘটে।'
বইমেলায় বাংলা একাডেমিসহ দেশের খ্যাতনামা ৪০টি প্রকাশনা সংস্থা স্টল দিয়েছে। এছাড়াও মেলায় প্রতিদিন শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সেমিনার ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনের সময় উপাচার্জ আরও বলেন, 'বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবছর তাদের সৃজনশীল কর্মকা- ও গ্রন্থ প্রকাশের মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি করছেন।' এছাড়া তিনি বাংলা বিভাগের গ্রন্থকারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু দায়েন। স্বাগত বক্তব্য রাখেন বইমেলার আহবায়ক ড. তারেক রেজা।
