যুক্তরাষ্ট্রের ক্যালেক্সিকো শহরে দুই লাখ চল্লিশ হাজার ডলার দিয়ে জমি কিনে আরো ৮৬ হাজার ডলার ব্যয়ে নির্মাণ করা হয় বাড়ি। অতঃপর সেই বাড়ির মেঝে থেকে মেক্সিকোর একটি রেস্তোরা পর্যন্ত খোঁড়া হয় সুড়ঙ্গ। এর পথেই চলছিল গাঁজা পাচারের ব্যবসা। শেষ পর্যন্ত গাঁজার বড় এক চালান আটকের পর এই মাদক কারবারিদের খোঁজ পায় যুক্তরাষ্ট্রের পুলিশ।
রয়টার্স তার প্রতিবেদনে জানায়, বুধবার চারজনকে গ্রেফতার করে সুড়ঙ্গটির খুঁজে পায় মার্কিন পুলিশ। এদিকে সিএনএন জানিয়েছে, কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে মেক্সিকো থেকে নির্বেঘ্নে মাদক পাচারের কাজটি সারতে ক্যালিফোর্নিয়ার ক্যালেক্সিকো শহরে রীতিমতো জমি কিনে বাড়ি বানিয়ে তার নিচে ওই সুড়ঙ্গ খুঁড়েছিল চোরা কারবারিরা। সুড়ঙ্গের অপরপ্রান্ত শেষ হয়েছে মেক্সিকোর মেক্সিকালি শহরের একটি রেস্তোরাঁর নিচে।
অবশ্য পাচার করে আনা মাদকদ্রব্য সীমান্ত থেকে ৩০০ গজ দূরে ক্যালিফোর্নিয়ার ওই বাড়িতে রাখা হতো না; মজুদ করা হতো চার মাইল দূরে অন্য একটি বাড়িতে। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চালান হয়ে যেত সেই মাদক।
গত ৭ মার্চ ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কভিনা থেকে ১৩৫০ পাউন্ড গাঁজার একটি চালান জব্দ করে যুক্তরাষ্ট্রের পুলিশ, ওই চালান ক্যালেক্সিকোর সেই বাড়ি হয়েই এসেছে বলে তদন্তকারীদের ধারণা।
সিএনএন জানিয়েছে, ওই বাড়ির সামনের ঘরের মেঝেতে তিন ফুট ব্যাসের একটি গর্ত দিয়ে ৩২ ফুট নামলেই মেক্সিকোগামী সুড়ঙ্গ। গাঁজার চালান আনার সুবিধার জন্য সেখানে রেল লাইন বসানো হয়েছে। আছে বৈদ্যুতিক আলোর ব্যবস্থাও। ওই বাড়ি হয়ে পাচার করে আনা ১৫৩২ পাউন্ড মারিজুয়ানাসহ জোয়েল দুয়ার্তে মেদিনা ও মেনুয়েল গ্যালেগোস জিমিনেজ নামের দুই জনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটক মাদকের বাজারমূল্য আনুমানিক ছয় মিলিয়ন ডলার বলে রয়টার্সের প্রতিবেদনের তথ্য।
জমির মালিক মার্সিয়া মেনুয়েল দুয়ার্তে মেদিনা ও তার মা ইভা দুয়ার্তে দে মেদিনাকেও মঙ্গলবার অ্যারিজোনা থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক ও অর্থ পাচার এবং অবৈধভাবে সুড়ঙ্গ খোঁড়ার অভিযোগ আনা হয়েছে আটক চারজনের বিরুদ্ধে। বিডি নিউজ।
