রানা প্লাজা ধসের দিনটিকে ‘শ্রমিক শোক দিবস’ পালনের দাবি

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৬:৩৯
রানা প্লাজা ধসে এক হাজারের বেশি মৃত্যুর ঘটনায় ২৪ এপ্রিল ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের একটি সংগঠন। একইসঙ্গে দিনটিকে সরকারি ছুটির দাবি জানায় সংগঠনটি। 
 
আজ বৃহস্পতিবার সকালে তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মালিকসহ দুই ঘটনায় দোষী সবার দৃষ্টান্তমূলক শাস্তি, আহত শ্রমিকদের পুর্নবাসন ও চিকিৎসা দেয়ার দাবিও জানানো হয়।
 
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার।
 
রানা প্লাজা ধসে মৃত্যুর ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করে ২৪ এপ্রিলকে ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি জানান তিনি।
 
তিনি বলেন, পৃথিবীর কোনো দুর্ঘটনায় এতো শ্রমিক মারা যায়নি। তাই এ দিবসকে ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার পাশাপাশি সরকারি ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় ১ হাজার ১৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ওই ভাবনের পাঁচটি পোশাক কারখানার শ্রমিক। আরও অন্তত আড়াই হাজার মানুষ পঙ্গু হয় ওই ঘটনায়।