প্রযুক্তিতে দক্ষ নাগরিক দরকার: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২১:২৩
শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে গবেষণায় গুরুত্ব দিয়ে শিক্ষার আন্তর্জাতিক মান অর্জনে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলেছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সঙ্গে তাদের সমঝোতা-অভিজ্ঞতা ও শিক্ষার্থী বিনিময়ের চুক্তি রয়েছে। যা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
 
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এর আগে রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটির আচার্য মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। পরে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরার পর তাদের গ্রাজুয়েশন ঘোষণা করেন। সমাবর্তনে ১ হাজার ৩শ’ ৮৮ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হলো। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড.  তৌফিক-ই ইলাহী চৌধুরী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল।
 
বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি (আইইউবি) বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছে। নিয়মিত শিক্ষাবৃত্তির পাশাপাশি ঢাকা শহরের বাইরের সুবিধাবঞ্চিত ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যে রাজধানীর বারিধারায় ‘সায়মা আবাসিক হল’ স্থাপন করা হয়েছে।এ ধরনের উদ্যোগের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ফোকাস বাংলা।