অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০৮:৫৬
 
মুক্তিযোদ্ধা ভাতা তুলে গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে মারা গেছেন আফতাব উদ্দিন ফারাজী (৬৫)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলিস্থান এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
 
মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন ফারাজীর শ্যালক জামালুর রহমান বলেন, পরিবারের সঙ্গে রাজধানীর দক্ষিণখানের আইনুছবাগে থাকতেন আফতাব। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। গতকাল সকালে মুক্তিযোদ্ধা ভাতা নেয়ার জন্য তিনি শ্রীপুরের সোনালী ব্যাংকে যান। সেখান থেকে ৪০ হাজার টাকা তুলে বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে কোথাও তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
 
ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিত্সক মামুনুর রশিদ সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সকরা জানিয়েছেন, অতিরিক্ত চেতনানাশক ওষুধের প্রভাবে তার মৃত্যু হয়েছে।