‌'এই সরকার আসার পর মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে'

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৯:৫৬
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা এখন প্রযুক্তি আর বিজ্ঞান শিক্ষা নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে নিচ্ছে।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এ কথা বলেন।
 
‌'স্বাধীনতার পূর্বে ও পরে বাংলাদেশের ধর্মীয় আন্দোলনের অবস্থান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট। 
 
বাংলাদেশের মানুষ অনেক বেশি ধর্মভীরু ও খাঁটি মুসলমান বলেই মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
 
তিনি বলেন, তলোয়ারের মাধ্যমে বাঙালিরা মুসলমান হয়নি। বাঙালিরা সুফিবাদের মাধ্যমে মুসলমান হয়েছে। পীর-মাশায়েখদের কথা আমরা শুনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা অনেক বেশি ধর্মভীরু এবং অনেক বেশি খাঁটি মুসলমান। 
 
এইচ টি ইমাম বলেন, আজ শুক্রবারের জুমায় দেখবেন কোনো মসজিদের ভেতরে জায়গা নেই। সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এ রকম আর কোথাও আছে? আমার নিজস্ব ঐচ্ছিক তহবিল সরকার যেটা দেয় তার থেকে অর্ধেকের মতো মসজিদে দেই। বিভিন্ন মসজিদে আগে দেই, মন্দিরেও দেই। বুদ্ধিস্টদেরও সাহায্য করি। ইসলাম শিখিয়েছে পরমত সহিংসতা, ইসলাম শিখিয়েছে শান্তি।
 
সকলে একসঙ্গে বাংলাদেশ গড়ে তোলার মন্ত্রই দেশের আজকের উন্নতির কারণ বলে মন্তব্য করেন তিনি।
 
প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তার পিতার মতোই কাজ করেছেন মন্তব্য করে ইমাম বলেন, বায়তুল মোকাররম দেখার মতো করে তৈরি করেছেন। ঢাকার বিভিন্ন মসজিদ সুদৃশ্য করে তৈরি হয়েছে। ক্যান্টনমেন্টের বড় মসজিদগুলোতে যান, এগুলো আগে ছিল?এখন ক্যান্টনমেন্টের চেহারা বদলে গেছে। যেমন সৈনিকদের বাসস্থানের ব্যবস্থা, তেমনি বাসার সামনে সুদৃশ্য বড় বড় মসজিদ।