তনু হত্যা: সেনাবাহিনীর নীরবতায় ইমরানের প্রশ্ন

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২১:৫২
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ক্যান্টনমেন্ট এলাকার ভেতর ‘ধর্ষণ’ ও হত্যা করা হলেও এ বিষয়ে সেনাবাহিনীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
 
শুক্রবার বিকালে রাজধানীতে এক গণসমাবেশে সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, “সারা বিশ্বে আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে গৌরব অর্জন করেছে, সারা বিশ্বে আপনারা সুনাম অর্জন করছেন। সেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ধর্ষণের মতো ঘটনায় প্রশ্ন উঠে থাকে। যদি আপনাদের (সেনাসদস্যদের) কেউ জড়িত না থাকে তাহলে আপনারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলেছেন না- এটি আমার প্রশ্ন।”
 
ইমরান বলেন, “সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টিত ক্যান্টনমেন্টে তনুকে ধর্ষণ করা হয়েছে; বীভৎস ও নিমর্মভাবে সেটি জনগণের সামনে প্রকাশ পেয়েছে। সেটি কি বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের টাকা ধামাচাপা দেয়ার ঘটনা?
 
“দেশের এক একটি ঘটনা ঘটছে আরেকটি ধামাচাপা দেয়ার জন্য। আমাদের মনে প্রশ্ন উঠেছে, কোন অসাধারণ ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, এটা বের করতে হবে।”
 
জনগণ চাইলে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তনু হত্যাকাণ্ডের বিচার পাওয়া সম্ভব মন্তব্য করেন গণজাগরণের এই মুখপাত্র।
 
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য তনু ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় সপরিবারে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী।
 
২০ মার্চ রাতে সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশন শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়; পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।
 
শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারে দাবিতে ওই সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। 
বিডিনিউজ।