কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পোড়াদহ জিআরপি থানা পুলিশ।
আজ শুক্রবার রাত সাতটার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন পোড়াদহ জংশন পার হয়ে আপলাইনে পৌছলে এ ঘটনা ঘটে।
পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক আশফাকুর বলেন, শুক্রবার রাত সাতটার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেন পোড়াদহ জংশন পার হয়ে আপলাইনে হেলালের বাড়ীর সন্নিকটে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতের পরনে ছিলো কলাপাতা রংয়ের প্যান্ট এবং ছাই রংয়ের গেঞ্জি।
তিনি আরও বলেন, নিহত ঐ যুবকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা রয়েছে আমি ডালিম নামের এক মেয়েকে ভালোবাসতাম। তার বাবা-মায়েরা আমাদের ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। যার ফলে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি। যুবকের পকেটে একটি মোবাইল নং থাকলেও সেটির সুইচ অফ পাওয়া গেছে বলে জানান আশফাকুর।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার ঘোষ জানান, শুক্রবার রাতে মহানন্দা এক্রপ্রেসে কাটা পড়ে তরুণের মৃত্যু ঘটে। তবে সে ট্রেনলাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
