নানান আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসক ড. আমিনুর রহমান ও পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল, পৌর মেয়র নজমূল হক সনি, জেলা প্রেস ক্লাব সভাপতি শাজাহান আলী, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারি, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গ সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে নওগাঁ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহন, ডিসপ্লে প্রদর্শণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে পুলিশ সুপার মোজাম্মেল হক বিশেষ অতিথি ছিলেন। স্টেডিয়ামে জেলার সরকারি-বেসরকারি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে আলোচনা সভা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখা চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তির মোড়ে মুক্ত মঞ্চে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
