গ্রিসে স্বাধীনতা দিবস পালিত

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১২:৪৬
 
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস, এথেন্স, গ্রিসে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে দূতাবাসে পতাকা উত্তোলন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
 
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সংগঠনের নেতারা, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।
 
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফেরাত, দেশের উন্নয়ন ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। 
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। 
 
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ত্যাগী নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 
 
দূতাবাসের সদস্য ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে।