শেষ হল কানেক্টিং স্টার্টআপসের দ্বিতীয় বাছাইপর্ব

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:০২
 
দেশে উদ্ভাবনীমূলক ও আন্তর্জাতিকমানের উদ্যোগ তৈরির লক্ষ্যে এবং বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে এসব উদ্যোগকে নিয়ে যেতে আয়োজিত জাতীয় প্রতিযোগিতা 'কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ'-এর দ্বিতীয় বাছাইপর্ব শেষ হয়েছে। আইডিয়া ও প্রোডাক্ট ক্যাটাগরিতে সর্বশেষ নির্বাচিত ১০০টি উদ্যোগ নিয়ে রবিবার বেসিস সভাকক্ষে এই দ্বিতীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
 
সেরা ১০০টি উদ্যোগ নিয়ে শিগগিরই তৃতীয় বাছাইপর্ব 'আইডিয়া ও প্রোডাক্ট ক্যাম্প' অনুষ্ঠিত হবে। যেখানে উদ্যোগগুলোর মানোন্নয়নসহ সামনে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দিকনিদের্শনা দেবেন অভিজ্ঞরা। সেখান থেকে ঘোষনা করা হবে সেরা ৫০ উদ্যোগ। আগামী জুন মাসে দিনব্যাপি 'কানেক্টিং স্টার্টআপ ডে' অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত ৫০টি উদ্যোগ প্রদর্শিত হবে এবং বিজয়ী ১০ উদ্যোগের নাম ঘোষণা করা হবে।
 
প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাংলালিংকের সহযোগিতায় ডিজিটাল ইনকিউবিটের সাপোর্ট সেন্টারে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্ধ পাবে। নির্বাচিত আরো অর্ধশত উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে এই ডিজিটাল ইনকিবিউটরের বিভিন্ন সুবিধাসহ তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পন্ন করার জন্য জায়গা বরাদ্ধ নিতে পারবে।
 
এ ছাড়া উচ্চগতির ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের আর্থিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তীতে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে।
 
উল্লেখ্য, আইসিটি ডিভিশন, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগি হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।