কুষ্টিয়ার মিরপুরে অস্ত্রসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:১৪
কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ জাসদের ইউপি চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে আটক করেছেন।
 
শনিবার দুপুরে উপজেলার হালসা বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাসান আলীর সার ও কীটনাশকের দোকানে পুলিশ অভিযান চালিয়ে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাসান আলীসহ ১০ জনকে আটক করে। এ সময়ে পুলিশ ওই দোকান তল্লাশি করে দু’টি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। 
 
তবে ইউপি চেয়ারম্যান মিলনের স্ত্রী হামিদা খাতুন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী টুটুল ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসিয়েছেন। 
 
হালসা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আবদুল গফুর আটকের বিষয়টি নিশ্চিত করে রবিবার জানান, বেলা দুইটার দিকে আব্দুল বারী টুটুলের লোকজন মশিউরকে ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে ঘরে তল্লাশি করে ধানের বস্তার ভেতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে মিরপুর থানা-পুলিশ তাদের থানায় নিয়ে যায়।