বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ মার্চ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয় , মিশন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা হয়। স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকৃত ৩০ লাখ শহীদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়।
