যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ মার্চ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ৪৬তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয় , স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. আব্দুল হান্নান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।
এছাড়া, ২৬ মার্চ সন্ধ্যায় এই উপলক্ষে লন্ডনের কেনসিংটন টাউন হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর, স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা-নির্ভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনার তার বক্তব্যে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং দেশ ও বিদেশে অবস্থানরত প্রত্যেক নর-নারী যারা বাংলাদেশের জন্যে ১৯৭১ সালে চরম আত্মত্যাগ স্বীকার করেছিলেন তাদের স্মরণ করেন।
যুক্তরাজ্যে অবস্থানরত কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বৃটিশ-বাংলাদেশি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ এই সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
