জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, নারী আমাদের জীবন, সমাজ ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। নারী আমাদের মা, ভগ্নি, সন্তান, সহধর্মিনী। নারীদের ওপর যারা সহিংসতা চালায় তারা অমানুষ, বর্বর, বণ্য জানোয়ার তুল্য। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের দ্বিতীয় বর্ষ সম্মানের ছাত্রী সোহাগী জাহান তনু আমাদের মেধাবী ও সংস্কৃতিবান শিক্ষার্থী। তার নৃশংস হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে বেদনার্থ। এ ঘটনা দেশজুড়ে মানুষের বিবেককে নাড়া দিয়েছে। ক্ষোভ ও ঘৃণা প্রকাশের কারো ভাষা নেই। আমি তনুর হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটরিয়ামে কলেজ শিক্ষকদের ১০০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদানকালে এ দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ ও কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. শাজাহান মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম শাহাদত আলী ও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তবৃন্দ।
শিক্ষক প্রশিক্ষণ ব্যাচের দর্শন, প্রাণিবিদ্যা ও মার্কেটিং বিষয়ে ৬৬ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
