তনু হত্যার বিচার দাবিতে রাবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২১:১৩
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাবি ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। 
 
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সুহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়নের রাবি শাখার সভাপতি মিনহাজুল আবেদিন, রাজশাহী মহানগরের আহ্বায়ক জুয়েল খান, উদিচির রাবি শাখার সাধারণ সম্পাদক রিপন কর্মকার প্রমুখ।
 
তনু হত্যার বিচার দাবি করে সমাবেশে বক্তারা বলেন, বাজেটের এক সিংহভাগ অর্থ সেনাদের জন্য বরাদ্দ হয়। অর্থ ব্যয় ধর্ষক বানানোর জন্য নয়। নিরাপত্তাবেষ্টিত ক্যান্টনমেন্টে ধর্ষণের পর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক তাই প্রমাণ করে। এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবিতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান বক্তারা।