নৌবাহিনীতে ডুবোজাহাজ যুক্ত করছে ফিলিপাইন

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:৫৭
গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে নিজ জলসীমাকে রক্ষা করতে নৌবাহিনীতে ডুবোজাহাজ অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করছে ফিলিপাইন। বুধবার দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো একথা বলেন।
 
বিরোধপূর্ণ অঞ্চলটিতে চীনের সামরিক উপস্থিতি বাড়ানোর জবাবে দরিদ্র ও অনগ্রসর দেশটি তার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ফিলিপাইনের নিজস্ব ডুবোজাহাজ ছিল না। এক্ষেত্রে দেশটি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।
 
চীন দক্ষিণ চীন সাগরের প্রায় গোটা এলাকারই মালিকানা দাবি করে আসছে। এই নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান ও ব্রুনাইয়ের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপড়েন চলছে। এই দেশগুলোও ওই অঞ্চলে নিজেদের মালিকানা দাবি করছে। এলাকাটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট।
 
অ্যাকুইনো বলেন, চীন তার দাবিকে বাস্তবে পরিণত করতে সফল হলে পশ্চিম উপকূল ফিলিপাইনের হাতছাড়া হয়ে যেতে পারে। তিনি ম্যানিলায় সাংবাদিকদের বলেন, ‘আত্মরক্ষার জন্যই আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করতে হবে।’ অ্যাকুইনো আরো বলেন, প্রশান্ত মহাসাগরে আমাদের প্রাকৃতিক ট্রানজিট পয়েন্ট রয়েছে। এখন আমাদের ডুবোজাহাজের প্রয়োজন রয়েছে কিনা আমরা তা বিবেচনা করছি।’ সূত্র: এএফপি