পিঠা চুরি করে খাওয়ার অভিযোগে রাজশাহী মহানগরীতে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী ববিতা খাতুনকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ জড়িত অভিযোগে বুধবার বিকেলে গৃহিণী কাকন বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি মহানগরীর বালিয়াপুকুর এলাকার মাসুম আলীর স্ত্রী। ববিতা নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার ফকিম উদ্দীনের মেয়ে।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, চার মাস ধরে ববিতা বালিয়াপুকুর এলাকার ওই বাসায় কাজ করছিল। পিঠা চুরি করে খাওয়ার অভিযোগ তুলে বুধবার বিকেলে মাসুম আলীর স্ত্রী কাকন বেগম ওই শিশুটির ওপর নির্যাতন চালায়। এতে তার পায়ে জখম হয়েছে। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ি থেকে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় গৃহিণী কাকন বেগমকে আটক করে থানায় আনা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত শিশুটিকে শাহ্ মখদুম ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
