স্পোর্টস রিপোর্টার
বিসিবি একাডেমির সামনে সিঁড়িতে দাঁড়িয়ে জনা বিশেক যুবা ক্রিকেটার। তাদের মাঝে এসে উপস্থিত হলেন সাকিব আল হাসান ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। বিস্ময়ের চোখে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে দেখছিল দেশের বিভিন্ন ক্রিকেট একাডেমি থেকে আসা এসব ক্রিকেটাররা।
পরে তাদের সঙ্গেই গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি একাডেমি কাপের ট্রফি উন্মোচন করেন সাকিব। ক্রিকেট একাডেমিগুলোর জন্য এমন টুর্নামেন্ট আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। অনূর্ধ্ব-১৬ বয়সের এসব ক্রিকেটারদের উদ্দেশে সাকিব বলেছেন, প্রতিযোগিতার চেয়ে এই পর্যায়ে নিজের খেলাটা উপভোগ করা জরুরি।
গতকাল ট্রফি উন্মোচনের পর এই অলরাউন্ডার বলেছেন, ‘খুবই বড় প্লাটফর্ম। আমি যদ্দূর জানি, ঢাকা শহরে প্রচুর একাডেমি আছে। এসব একাডেমিতে যত খেলোয়াড় আছে তাদের একটা প্লাটফর্ম থাকা দরকার। ওই প্লাটফর্ম তৈরি করতে বিসিবি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। এটির মাধ্যমে অনেকে নজর কাড়তে পারে। বিসিবিকে ধন্যবাদ জানাই এমন একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য।’
সবাইকে খেলাটা উপভোগের পরামর্শ দিয়ে সাকিব বলেছেন, ‘খেলার আনন্দ নিয়েই ওদের খেলতে বলব। এখনই অনেক বড় লক্ষ্য ঠিক করা মনে হয় না ভালো কিছু হবে। যদি খেলাটা উপভোগ করে এটাই ওদের সবচেয়ে বড় পাওয়া হবে। মনোযোগ দিয়ে অবশ্যই খেলবে। এ টুর্নামেন্টকে যেন সবকিছু মনে না করে। এখানে যারা ব্যর্থ হবে, তাদের জন্য যেমন শেষ না, আবার সফল হলে, সব পাওয়া হয়ে গেল, সেটিও নয়।’
বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির আয়োজনে আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে একাডেমি কাপ। দেশের মোট ৩২টি একাডেমি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যার মধ্যে ঢাকার বাইরের চারটি একাডেমিও রয়েছে। ওয়ানডে ফরম্যাটের এই লিগের ফাইনালের সম্ভাব্য তারিখ ৭ এপ্রিল।
