স্পোর্টস রিপোর্টার
বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই খেলা হবে। এএফসির চূড়ান্ত পর্ব এবং টোকিও অলিম্পিক ফুটবলের বাছাই এটি। ১১টি গ্রুপে ৪৪ দেশের বাছাইয়ের খেলা হবে বিভিন্ন দেশে। বাহরাইনে বাংলাদেশের বাছাইয়ের খেলা। শুরু হবে আগামী ২২ মার্চ। শেষ হবে ২৬ মার্চ। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত বাছাইয়ে খেলবে। সেই সঙ্গে সেরা রানার্সআপ ৪টি দলও সুযোগ পাবে। স্বাগতিক থাইল্যান্ড বাছাইয়ে খেলছে। তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন সেই ক্ষেত্রে থাইল্যান্ডের গ্রুপের রানার্সআপ দলটি সুযোগ পাবে। হিসাব আরও আছে। তবে বাংলাদেশ সেদিকে না গিয়ে প্রথম পর্বের বাছাই নিয়ে ভাবছে। ২২ মার্চ স্বাগতিক বাহরাইন, ২৪ মার্চ ফিলিস্তিন এবং ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘বি’ গ্রুপের তিন ম্যাচ। কঠিন হলেও বাংলাদেশ যেন চেষ্টার কমতি রাখছে না। সরাসরি বাহরাইন না গিয়ে পাশের দেশ কাতারে গিয়ে নিবিড় অনুশীলন করে সেখান থেকে বাহরাইনের পথে রওনা হবে। ১০ দিনের অনুশীলন। বাংলাদেশের ফুটবলার মতিন মিয়া, গোলকিপার আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, ইব্রাহিম, রিয়াদ, বিপলুদের বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন পাঠালেন কাতারে। ভালো সুযোগ-সুবিধার মধ্যে অবস্থান করে জাতীয় দলের আগামী দিনের ফুটবলারদের খানিকটা উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হলো। কথা ছিল কাতারের দোহায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল অনুশীলন ক্যাম্প করবে। প্রস্তুতি নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে। খেলোয়াড়রা লিগের ম্যাচে ছিলেন। লিগ স্থগিত রেখে কম্বোডিয়া গিয়ে প্রীতি ম্যাচ জিতেছে কম্বোডিয়ার বিপক্ষে। ঢাকায় ফিরে অলিম্পিক ফুটবল দল নিয়ে পরদিনই বিকালে আবার কাতারের পথে উড়াল দিলেন কোচ জেমি ডে। চার দিন অনুশীলন করে নিজেদের অবস্থান যাচাই করতে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হলো। কাতারের প্রথম বিভাগ ফুটবল লিগের চতুর্থ দল আল সাহানিয়া স্পোর্টস ক্লাব। এই দলটির বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ১-০ গোলে জিতেছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় ৮৬ মিনিটে গোল করেছেন খন্দকার আশরাফুল ইসলাম। কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ। তাদের ফুটবল অনেক উন্নত। কাতারের একটি শীর্ষস্থানীয় ক্লাবকে হারানোটা সহজ কথা নয়। জেমি ডের ভাগ্যটা হয়ত ভালো। গত বছর জাকার্তা এশিয়ান গেমস ফুটবলে এই কাতারকে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় পর্বে উঠেছিল। এশিয়ান গেমস ফুটবলের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন, সেটি ছিল বাংলাদেশের ফুটবলে প্রথম ঘটনা।
আবার সেই জেমি ডের হাত ধরে কাতারের ক্লাব ফুটবলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। কোচ জেমি ডে উজ্জীবিত। উজ্জীবিত তার খেলোয়াড়রা বাদশা, জাফর ইকবাল, প্রীতম, সুশান্ত ত্রিপুরা, সুফিল, বিশ্বনাথ, রিয়াদুল হাসান, শিতল, অধিনায়ক মাসুক মিয়া জনি প্রমুখ।
