সুষ্ঠু সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৮:২১
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিল্প ও সাংস্কৃতিক চর্চা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।পরীক্ষায় ভাল ফলাফলের সঙ্গে অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন ও সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে সুষ্ঠু সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
 
বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘প্রথম সঙ্গীত উৎসব’ এর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
সংস্কৃতিমন্ত্রী বলেন, শিল্প ও সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে জ্ঞান অর্জন মনের ভেতরকার অন্ধকার ও সাম্প্রদায়িক মনোভাব দূর করে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। কেবল শিল্প-সাহিত্যের সঙ্গে  ঘনিষ্ঠতা তৈরি হলেই নির্বিচারে মানুষ হত্যা, নারী নির্যাতন ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ হ্রাস পাবে। তৈরি হবে একটি সুন্দর সমাজ।
 
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন,  পুরান ঢাকার সাংস্কৃতিক মণ্ডল পরিবর্তনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মনের সুকুমারবৃত্তি চর্চার নতুন ক্ষেত্র তৈরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ অগ্রণি ভূমিকা পালন করবে।
সঙ্গীত বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. লাইসা আহমদ লিসার সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক মো. মাহমুদুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।