স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন রাউন্ড শেষ হয়েছে। চতুর্থ রাউন্ডের আগে কয়েকদিনের বিরতি পড়ল প্রিমিয়ার লিগে। ক্রিকেট অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে গতকাল জানা গেছে, লিগের চতুর্থ রাউন্ড শুরু হবে আগামী ১৯ মার্চ।
শুরু থেকেই প্রতি রাউন্ডের পর একদিন করে বিরতি দেওয়া হয়েছিল। এবার তৃতীয় রাউন্ডের পর দু’দিন বিরতি দেওয়া হলো। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, বিরতিটা পড়েছে জাতীয় দলের ক্রিকেটারদের বিজ্ঞাপন বিষয়ক শ্যুটিং থাকায়। বিরতির এই সময়টাতেই কিছু বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে হবে ক্রিকেটারদের। এজন্যই বিরতি দেওয়া হয়েছে প্রিমিয়ার লিগে। তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী ও মোহামেডান। দুই ক্লাবই তিনটি করে ম্যাচ জিতেছে। দুটি করে ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, গাজী ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রুপগঞ্জ। ব্রাদার্স, বিকেএসপি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও উত্তরা স্পোর্টিং একটি করে ম্যাচ জিতেছে। খেলাঘর ও শাইনপুকুর তিন রাউন্ডে কোনো ম্যাচ জিততে পারেনি।
