স্পোর্টস ডেস্ক
ইউরোপের শীর্ষ ক্লাবগুলো ফিফার প্রস্তাবিত ক্লাব ওয়ার্ল্ড ক্লাব বর্জন করবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সর্বশেষ পরিকল্পনাটি ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়লো। শুধু তাই নয় এর মধ্য দিয়ে বিশ্ব ফুটবলও বড় রকমের ভাঙনের মধ্যে পড়তে পারে।
ফিফা সভাপতি অর্থ আয়ের ক্ষেত্র হিসেবে দুটি টুর্নামেন্টের প্রস্তাব করেছেন। এর মধ্যে একটি হলো জাতীয় দলগুলোর জন্য বিশ্বজুড়ে জাতীয় লিগ। অপরটি হলো ২৪ দলের ক্লাব বিশ্বকাপ যা ‘পাইলট’ প্রকল্প হিসেবে ২০২১ সাল থেকে শুরু হওয়ার কথা। তিনি আশা করেছিলেন তার এ দুটি টুর্নামেন্ট চলতি সপ্তাহে সমর্থন পাবে।
ইনফান্তিনো অবশ্য গত শুক্রবার অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভার আগেই জাতীয় লিগের প্রস্তাব থেকে সরে আসেন। কেননা তার নিজস্ব টাস্কফোর্স বুঝতে পারে যে এ টুর্নামেন্টের জন্য কোনো ছাড় মিলবে না। তাছাড়া এটি অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক সূচিতেও কোনো সময় নেই।
এখন ফিফা প্রধান ২৪ দলের ক্লাব বিশ্বকাপ নিয়ে এগিয়ে যেতে চান। ধারণা করা হচ্ছে ইনফান্তিনোর চাওয়ার প্রেক্ষিতে কাউন্সিল এ ধারণাটিকে জুনে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে তোলার জন্য অনুমতি দিতে পারে।
কিন্তু ইউরোপিয়ান ক্লাব এ্যাসোসিয়েশন (ইসিএ) এর প্রধান ও ইতালির ক্লাব জুভেন্তাসের চেয়ারম্যান আন্দ্রিয়া অ্যাগনেলি উয়েফা ও ইনফান্তিনোর কাছে দেওয়া এক চিঠিতে এর বিরোধিতা করেছেন। এই চিঠিতে স্বাক্ষর আছে প্রতিষ্ঠানটির বোর্ডের ১৫ সদস্যের। এই সদস্যদের মধ্যে আছে ম্যানচেষ্টার ইউনাইটেড, বার্সেলোনা ও আয়াক্স আমস্টার্ডম। উল্লেখ্য, ইসিএ হলো ২৩২টি ইউরোপিয়ান ক্লাবের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। এর মধ্যে আছে সেই সব বড় ক্লাব যারা সচরাচর ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে থাকে। অপরদিকে ক্লাব বিশ্বকাপ হলো বর্তমানে সাত দলের এক প্রতিযোগিতা যাকে ঘিরে ইউরোপে আগ্রহ ন্যূনতম। অথচ এই ইউরোপই হলো ফুটবল ব্যবসার মূল কেন্দ্র।
