তিন দিনের পার্বত্য সংস্কৃতি মেলা শুরু

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৩:৩৪
পার্বত্য অঞ্চলের সংস্কৃতি সমতলের মানুষদের কাছে সবসময়ই অত্যন্ত সমাদরের জিনিস, আগ্রহের ও বিস্ময়ের বিষয়। তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, হাতে বোনা পোশাকসহ ঐতিহ্যের নানা অনুষঙ্গ সমতলের মানুষকে আকর্ষণ করে। তাদের যাপিত জীবনের আলোকচিত্র, নিসর্গের আলোকচিত্র। এসব নানা উপকরণ  নিয়েই ঢাকায় শুরু হয়েছে তিন দিনের পার্বত্য সংস্কৃতি মেলা। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজিত এ মেলার আয়োজন করেছে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট।
 
বৃহস্পতিবার মেঘলা বিকেলে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন চাকমা ও চাকমা ভাষার প্রথম বাঙালি কবি মজিবুল হক বুলবুল। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।
 
আসাদুজ্জামান নূর বলেন, আমাদের সবার উপরের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। সমতল-পাহাড়-চর-সুন্দরবন সব স্থানের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাবর্ত্য চট্টগ্রাম শুধু প্রাকৃতিকভাবেই সুন্দর নয়, এখানকার মানুষও সুন্দর, সহজ, সরল।
 
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই ফুল নিয়ে নিজস্ব নৃত্য পরিবেশন করেন চাকমা গোষ্ঠীর নৃত্যশিল্পীরা। নবান্ন উত্সবের বর্ণিলতা তুলে ধরেন তঞ্চঙ্গার শিল্পীরা। মিলনমেলা শিরোনামে নৃত্য পরিবেশন ছিলো ত্রিপুরা শিল্পীদের।
 
এ মেলায় নিজস্ব সংস্কৃতি নানা উপকরণ নিয়ে অংশ নিচ্ছে ম্রো, চাক, চাকমা, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মারমা ও মং। ২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।