হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের ২৭নং মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় মাঠে বসে চলছে পাঠদান। খোলা আকাশের নিচে প্রতিনিয়ত লেখাপড়া করে আসছে শতাধিক কোমলমতি শিক্ষার্থী।
সরেজমিনে জানা গেছে, ১৯১২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে একটি ভবন হয়। এরপর বিদ্যালয়টিতে ৫৪ বছর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দিনের পর দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়টি।
হাজীগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নতুন ভবন হয়েছে। অথচ এই প্রতিষ্ঠানটি অবহেলায় আর অব্যবস্থাপনায় রয়ে গেছে।
দ্বিতীয় শ্রেণির নুসরাত জাহানের বাবা সুলতান আহমেদ টিপু জানান, বিদ্যালয়টি এতই ঝুঁকিপূর্ণ মেয়েকে বিদ্যালয় পাঠানোর পর বাড়ি না ফেরা পর্যন্ত খুবই আতঙ্কে থাকতে হয়।
প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, বিদ্যালয়ে যোগদানের প্রায় আট বছর অতিক্রম হয়েছে। ভবনের নাজুক অবস্থা হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হয়। এ বিষয়ে উপজেলা শিক্ষা বিভাগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে লিখিত ও মৌখিকভাবে আবেদন করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান জানান, ২৭নং মোহাব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে চলমান প্রক্রিয়া রয়েছে।
বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য আমি ও আমার আগে যারা ছিলেন বহু আবেদন করার পরও ফলাফল আসেনি।
