দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৪ দিনব্যাপী নাট্যোত্সবের উদ্বোধন হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের সামাজিক সংগঠন বিলপল্লী সবুজ সংঘ এর আয়োজন করে।
শুক্রবার সন্ধ্যা বিলপল্লী সবুজ সংঘের মাঠের উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নূর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি বলেন, সমগ্র পৃথিবীতে জঙ্গিবাদ একটি বড় সমস্যা। বাংলাদেশে সে রকমের জঙ্গিবাদ নেই। তবুও যে কোনো মুহূর্তে মাথা চারা দিয়ে উঠতে পারে। সে জন্য বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশে এর বিস্তার ঘটতে দেওয়া যাবে না। এর সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন খান, ব্যবসায়ী মোঃ নোমান মিয়া।
উপস্থিত ছিলেন বিলপল্লী সবুজ সংঘের সাধারণ সম্পাদক ইউসুফ রানা, নাট্যোত্সব কমিটির সদস্য সচিব এজাজ আহাম্মেদ পান্না প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুক্রবার রাতে চুড়াইনের ত্রিবেণী সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় ‘একটি পয়সা’ নাটক মঞ্চস্থ হয়। ১৪ দিনের এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাটক ও নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। উত্সবে বিচারক হিসেবে রয়েছেন— অভিনেতা জামিলুর রহমান ও আব্দুল মুহিত মৃধা দুলু।
