খুলনায় বাস চাপায় তৌকির হোসেন (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার নগরীর মানিকতলা মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌকির নগরীর মহেশ্বরপাশা পূর্ব সেনপাড়ার বাসিন্দা নাসির হোসেন খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া ১১টার দিকে স্কুলছাত্র তৌকির নগরীর মানিকতলা মাইলপোস্ট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১১-৫৫৩৬) তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
