তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে শতাব্দী প্রাচীন বউ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ্ শরীফ জিন্দানীর (রহ.) মাজার এলাকায় উত্সবমুখর পরিবেশে দিনব্যাপী এ বিশাল মেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী বউ মেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ঢল নামতে শুরু করে। মেলায় নতুন বউদের পাশাপাশি কিশোরী, যুবতী, গৃহবধূ, বৃদ্ধা, দর্শনার্থী এবং উত্সুক জনতার এক মিলন মেলায় পরিণত হয়। নববধূ রুমকী, টুম্পা, লাকী, লাবনি, গৃহবধূ আরজিনা, শাহানা, সাহেরা, বৃদ্ধা ভায়লা, সবুরা, সুফিয়াসহ আরো অনেকে বলেন, শ’ শ’ বছরের পুরনো রীতি অনুসারে নারীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গৃহস্থালী সরঞ্জামাদি কেনাকাটার জন্য প্রতিবছর ওরস শরীফের শেষের দিন এ মেলার আয়োজন করা হয়। মেলা থেকে বিভিন্ন সাজ-গোজের জিনিস ক্রয় করেন নববধূ ও তরুণীরা। এ ছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং নিত্যব্যবহার্য বটি, বেলনা, পিড়ে, কুলা, ধামা, পাখা, চালনা, পাটি, ঝাড়ু কিনে থাকেন সবাই।
