ইত্তেফাক ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গতকাল শিশু-কিশোর উত্সব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
নীলফামারী:“বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুর জীবন করো রঙিন” স্লোগানে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সকাল সাড়ে ৯টায় সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে চিত্রাঙ্কন, রচনা লিখন, উপস্থিত বক্তৃতা, গল্পবলা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা এবং দেয়াল পত্রিকা লিখন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বাদ জোহর সকল মসজিদ/মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ২.৩০ টা পর্যন্ত একই স্থানে শিশু সমাবেশ ও মেলার এবং বিকাল সাড়ে ৩টায় শিশুদের অঙ্কিত চিত্রকর্মের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গফরগাঁও (ময়মনসিংহ):বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গফরগাঁও পৌরসভার সহযোগিতায় সূর্যসারথি খেলাঘর আসরের উদ্যোগে দুইদিন ব্যাপী শিশু-কিশোর উত্সবের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উত্সবের উদ্বোধন করেন পৌর মেয়র এসএস ইকবাল হোসেন সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন- ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। সূর্যসারথি খেলাঘর আসরের সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসরের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মো. সাহজাহান সাজু । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউর আলম মারুফ, মুক্তপায়রা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মণ্ডল প্রমুখ। পরে শিশুদের সুন্দর হাতের লেখা, শিশু কিশোরদের বঙ্গবন্ধু বিষয়ক চিত্রাংকন, রচনা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগৈলঝাড়া (বরিশাল):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে হাতে খড়ি থেকে তৃতীয় শ্রেণি, চতুর্থ থেকে ৬ষ্ঠ ও সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কনে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে রবিবার অনুষ্ঠানে উপজেলা প্রশাসন পুরস্কার বিতরণ করবেন।
