স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচে বিজেএমসির জয়

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:১৬
কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টর প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে টিম বিজেএমসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে এক গোলে হারিয়ে তিন পয়েন্ট পায় তারা।
 
প্রথমার্ধে এলিটা কিংসলের একমাত্র গোলের সুবাদে জয় পায় টিম বিজেএমসি। ফলে, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শহিদুল ইসলামের শিষ্যরা।
 
ম্যাচে শুরু থেকেই রহমতগঞ্জকে চেপে ধরে বিজেএমসি। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম লিড নেয় তারা। নাইজেরিয়ার ফরোয়ার্ড এলিটা কিংসলের জোরালো শট রহমতগঞ্জের গোলরক্ষক রুখে দিতে পারেননি।
 
শেষ দিকে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি লাভ করে বিজেএমসি। তবে তা থেকে গোল আদায় করে নিতে না পারলেও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিজেএমসি।