উপজেলা পরিষদ নির্বাচন
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মীর্জাগঞ্জে প্রচার-প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম জনপদ।
মীর্জাগঞ্জে আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতহার উদ্দিন আহমেদ (নৌকা), বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য খান মো. আবু বকর সিদ্দিকি (কাপ-পিরিচ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক (আম) এবং উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোবারক আলী মুন্সি (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট ছয়জন প্রার্থী। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম (উড়োজাহাজ), বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম (টিয়াপাখী), বরিশাল মহানগর অটো শ্রমিক লীগের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান (চশমা), মো. রফিকুল ইসলাম (তালা) ও উপজেলার মীর্জাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আমির হোসেন (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহাবুবা মোর্শেদা রানু (প্রজাপতি), উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম (হাঁস), মীর্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা (কলস), উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য ফারজানা ইসলাম (পদ্ম ফুল) এবং নাসিমা আক্তার রুবি (ফুটবল)।
মীর্জাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুর রহমান জানান, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
