দিনাজপুরের বিরামপুর উপজেলার মোহনপুর হাইস্কুল কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কৃষ্ণবাটি গ্রামের জাহাঙ্গীর আলম (২০), হাসিমুদ্দিনের পুত্র মকছেদুর রহমান বাবলু (৪৫) ও আবিজ উদ্দিনের পুত্র ওয়াহেদুল (২০)।
মামলা সূত্রে প্রকাশ, গত বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের ইউ.পি নির্বাচনে ৫নং বিনাইল ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দুইজন ইউপি সদস্যর চার-পাঁচশো সমর্থকের মধ্যে স্কুল মাঠে সংঘর্ষ বাঁধে। ব্যালট বাক্স ও সরঞ্জামাদি গাড়িতে তোলার সময় তারা পুলিশের ওপর আক্রমণ করে সরঞ্জামাদি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের নয় রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল আলম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে শুক্রবার সন্ধ্যায় তিনজনেক গ্রেফতার করা হয়।
থানার ওসি আমিরুজ্জামান জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
