বেঁচে যাওয়া প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আব্দেসলাম আত্মঘাতী হননি মানুষের জীবন বাঁচাতে। ফরাসি একটি টেলিভিশনকে এই কথা বলেছেন তার ভাই মোহাম্মদ আব্দেসলাম।
গত বছরের নভেম্বরে ১৩ তারিখে প্যারিসের ভয়াবহ জঙ্গি হামলার পরে চার মাস পলাতক থাকার পরে বেলজিয়ামে গত মাসে আটক হয়েছেন সালাহ আব্দেসলাম। ফ্রান্সে ফিরে আসার আগে তার সঙ্গে বেলজিয়ান কারাগারে দেখা করে এসেছেন ভাই মোহাম্মদ আব্দেসলাম। সালাহ তাকে বলেছেন, আমি যদি আত্মঘাতী হতাম তাহলে আরো অনেক মানুষ মারা যেত। সৌভাগ্যজনক ভাবে আমি সেটি করিনি।
নভেম্বরে পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী খ্যাত প্যারিসে একটি কনসার্টে, স্টেডিয়ামে, রেস্টুরেন্ট ও বারে হামলায় ১৩০ জন নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।
আইএস সদস্য সালাহ আব্দেসলামকে বেলজিয়ামে আটকের চারদিন পরেই দেশটির রাজধানী ব্রাসেলসে জঙ্গি হামলায় ৩২ জন নিহত হয়। কর্তৃপক্ষ মনে করছে, ব্রাসেলস হামলার পেছনেও রয়েছে আইএস। বিবিসি।
